সরকারের নিষ্পেষণে জাতি আজ জর্জড়িত এমন দাবী করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সরকার ভুল পথে এগুচ্ছে।
বৃহস্পতিবার বিকালে ইনঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার বলতে কিছু নেই। সরকারের ভাবনা তারা র্যাব পুলিশ দিয়ে ১৬ কোটি মানুষকে নিরাপত্তা দিবে এটা ভুল। দেশে শান্তির জন্য প্রয়োজন সব দলের অংশগ্রহনে একটি সুষ্ঠ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা। জনগণের সরকার প্রতিষ্ঠিত করলেই কেবল শান্তি প্রতিষ্ঠিত হবে।
মওদুদ আহমেদ বলেন, বাংলাদেশের সব কিছুই আছে, কোনো কিছুই নেই। বিচার বিভাগ আছে।কিন্ত স্বাধীনতা কতটুকু আছে, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে।’
সরকারের পরিবর্তন হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরে পেতে চাই। বিচার বিভাগের স্বাধীনতা ফিরে পেতে চাই। মানবাধিকার ফিরে পেতে চাই। এটার জন্যই আমাদের সংগ্রাম। ছোট শিশুরা বড় হওয়ার আগেই গণতন্ত্র ফিরিয়ে আনতে সংগ্রাম করতে হবে।’
‘মসজিদের ইমাম হত্যা হচ্ছে, বিদেশী নাগরিক হত্যা। দেশে গণতন্ত্র নাই বলে এই ধরনের ঘটনা গুলো ঘটছে বলেন মওদুদ।
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদেও জন্য সঠিক পথ হবে, দেশে নির্দলীয় সরকারের অধীনে দ্রুত একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। এটা আপনারা এককভাবে সমাধান করতে পারবে না। আমরা এ ধরনের ঘটনা কখনও চাই না। তাই সকল গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা ছাড়া কোনো বিকল্প নেই।
গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যদ্যর উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আপনাদের মনের দুঃখ শেয়ার করতে পারবেন না। যার দুঃখ তার। আমরা কেবল সহানুভূতি জানাতে পারবো।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম, আব্দুল্লাহ আল নোমান। এছাড়া ছাত্রদল, যুবদল ও বিএনপির গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। এ সময়ে অনুষ্ঠানে এক আবেগ গণ পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.আসাদুজ্জামান রিপন।
এছাড়াও আলোচনা সভায় দর্শকসারিতে উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ। মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতান।
এমএইচ





