আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকার কারণে কম প্রার্থী জয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কৃষকলীগ আয়োজিত ২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, উপজেলা নির্বাচনে আ.লীগ নেত্রী একক প্রার্থী দিতে চিঠি দিয়েছেন। যেখানে আ.লীগ একক প্রার্থী দেওয়া হয়েছে সেখানে জয়ী হয়েছে। যেখানে দেওয়া হয়নি সেখানে জয়ী হয়নি।
উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচনের মতো দলীয়ভাবে হয় না। স্থানীয় মানুষ দল নয়, ব্যক্তি দেখে ভোট দেয় বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, প্রশাসন নিরপেক্ষ বলেই বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে। না হলে সব উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হতো।
তোফায়েল আহমেদ বলেন, বিএনপি নীতিবান দল নয়। একদিকে বিএনপি বিজয়ী হয়, অন্যদিকে প্রতিদিন প্রেস কনফারেন্স করে নির্বাচনে কারচুপি করা হচ্ছে বলে দাবি করেন।
উপজেলা নির্বাচনে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ ছিল উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন নিরপেক্ষ না থাকলে বিএনপির কোনো প্রার্থী বিজয়ী হতো না। বিএনপি শাসনামলে ইউনিয়ন নিবার্চনে আ.লীগ প্রার্থীদের অংশগ্রহণ করতে দেয়নি।
সংগঠনের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেকান্দার সামছুল হক, সহ দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।
[b]ঢাকা,২৮ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এমআর/এফএ[/b]