দেশ আজ এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে। দেশের প্রায় সব জেলা এখন ডেঙ্গু কবলিত। অথচও এমন পরিস্থিতিতেও মন্ত্রী-মেয়ররা আজ প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় বসে আছেন। দায়িত্বশীলতার চূড়ান্ত অভাবের কারণেই দেশের আজ এই চিত্র বললেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘বিরাজিত নৈরাজ্যিক পরিস্থিতি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রাকৃতিক দুর্যোগ বন্যা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এ সম্মেলনের আয়োজেন করে নাগরিক ঐক্য।
স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের সমালোচনা করে ডাকসুর সাবেক এ ভিপি বলেন, ডেঙ্গু পরিস্থিতি যখন চরমে, তখন ঢাকার দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রী কী করছেন তা সবাই দেখছে। তারাসহ দায়িত্বশীলরা মশা মারার ওষুধ আনতে না পারলেও কিন্তু মশা মারার নাটক ঠিকই করে যাচ্ছেন।
তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকা সিটির দুই মেয়র এখনও পর্যন্ত মশা মারার কার্যকর ওষুধ আমদানি করতে পারেননি। তারা মশা মারার নাটক ঠিকই করছেন।
মান্না বলেন, ‘ডেঙ্গু নিয়ে সরকারের স্বাস্থ্যমন্ত্রী এবং ঢাকার দুই সিটির দুই মেয়র কী বাগাড়ম্বর করছেন। অনর্থক বিরোধী দলের রাজনীতিকে দোষারোপ করছেন। তবে এ কথাও সত্য যে, বিরোধী দলের রাজনীতি আজ অনৈক্যের কানা গলিতে আর আপসকামিতার চোরাবালিতে আটকে গেছে।’
নাগরিক ঐক্যের এই নেতা বলেন, ‘ ডেঙ্গুর সিজন এখনও তিন মাস বাকি। আগামী সেপ্টেম্বরে এটি সর্বোচ্চ পর্যায়ে ওঠার কথা। আমাদের দেশে যখন ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, তখন পশ্চিমবঙ্গে প্রকোপ কমে গিয়ে সামান্য পর্যায়ে আছে। মানুষের প্রতি দায়বদ্ধ সরকার থাকলে, সেটির ফল কী হতে পারে পশ্চিমবঙ্গ তা দেখিয়েছে। আর মানুষের প্রতি দায়বদ্ধতা না থাকলে, তার ফল কী হয়, সেটির প্রমাণ বাংলাদেশ।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এসএম একরাম, সমন্বয়কারী শহিদুল্লাহ কাউসার, কেন্দ্রীয় কমিটির সদস্য মমিনুল ইসলাম, ডা. জাহেদুর রহমান প্রমুখ।
জেড





