গ্রেফতার হওয়ার আশঙ্কায় পূর্ব ঘোষিত গণমিছিলে যোগ দেননি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

সোমবার বিকাল সাড়ে ৩টায় পূর্ব ঘোষণা অনুযায়ী প্রেসক্লাবের সামনে সংগঠনটির বিভিন্ন স্তরের ১০০-১৫০ নেতা-কর্মী জড়ো হয়।

কিন্তু নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের আসার কথা থাকলেও কর্মসূচিতে তাদের দেখা যায়নি।

পরে ‘শান্তি ও সংলাপের দাবিতে গণমিছিল’ লেখা সম্বলিত একটি ব্যনার নিয়ে বক্তব্য দেন সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় প্রেসক্লাবের সামনে বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়।

নাগরিক ঐক্যের সহযোগী সংগঠন ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান গণমিছিল স্থগিত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘যত বাধাই আসুক গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। অনিবার্য কারণবশত আজকের এই গণমিছিল স্থগিত করা হল। পরবর্তী সময়ে এ গণমিছিল অনুষ্ঠিত হবে। মিছিলের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।’

এ সময় নাগরিক ছাত্র ঐক্যের সদস্য সচিব মুঈদ হাসান তড়িৎ, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবু বকর সিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমকে