সংসদ সদস্য হয়েও মনোনয়ন না পাওয়া চার নেতাকে নির্বাচনের ‘বিশেষ দায়িত্ব’ দিয়েছে আওয়ামী লীগ।

তারা হলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও বি এম মোজাম্মেল হক।

নিজেরা ভোট না করলেও দলকে টানা তৃতীয়বার বিজয়ী করতে তারা গুরুত্বপূর্ণ কাজ করবেন বলে আওয়ামী লীগের দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন।

তিনি বলেন, “নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় চার নেতাকে নেতাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

“গণভবনে ডেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে ৩০০ আসন সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখার নির্দেশ দেন। এছাড়া কোনো আসনে যেন বিদ্রোহী প্রার্থী না থাকে, সে জন্য সমন্বয়ের কাজ করতে বলা হয়েছে তাদের।”

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোয়ন ফরম কিনলেও এই চার নেতা মনোনয়ন পাননি।