দেশের নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে পরিবারের সব সদস্যসহ এমন ভয়াবহভাবে হত্যার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
সমগ্র জাতির মত আজ আমরাও পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের প্রতিষ্ঠাতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।’
শুক্রবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৩৯তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে দিনব্যাপি কর্মসূচি পালনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তিনি নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান। কেবল স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ নয়, যুদ্ধবিধস্ত দেশ পুনর্গঠনেও তার অবদান অনস্বীকার্য। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার ও তার পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ড ছিল জাতীয় ইতিহাসের এক বড় কলঙ্কের অধ্যায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রগতিবাদী ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাংলাদেশের যথাযথ রূপায়ণই হবে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের সর্বোত্তম উপায়। জাতীয় শোক দিবসের শোককে শক্তিতে পরিণত করে তা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে সবাইকে।
প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম বলেন, ১৫ আগস্ট একটি পৈশাচিক কালোদিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন মহান নেতার অপরিসীম ত্যাগের আদর্শ বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়নের ভেতর দিয়েই পরিশোধ করতে হবে আমাদের দায়। এ দায়িত্ব দেশের প্রত্যেক নাগরিকের। সকলকে ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে উঠে বৃহত্তর স্বার্থে দেশের জন্য কাজ করে যাওয়াই হোক শোকের দিনে আমাদের শপথ।
এরপর বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে আয়োজিত অন্যান্য অনুষ্ঠানমালার মধ্যে ছিল শোকের প্রতীক কালোব্যাজ ধারণ, জাতির জনক বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণমূলক আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ।
এছাড়া চুয়েট কেন্দ্রীয় জামে মসজিদ ও আবাসিক মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আশুতোষ সাহার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানমালায় বিশেষ অতিথি ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম।
পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. সজল চন্দ্র বণিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. বদিউস সালাম, পদার্থবিদ্যা বিভাগের প্রধান প্রফেসর ড. মো. আব্দুর রশীদ, প্রভোস্টগণের পক্ষে শহীদ মোহাম্মদ শাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. রণজিত বুমার সূত্রধর, যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির পক্ষে ড. মো. শামসুল আরেফিন, কর্মকর্তা সমিতির পক্ষে সাধারণ সম্পাদক আমিন মো. মুসা, কর্মচারী সমিতির পক্ষে সভাপতি সুকোমল বিকাশ শীল, ছাত্রছাত্রীদের পক্ষে মো. আশিকুর রহমান জিশান, শাখাওয়াত হোসেন প্রমুখ।
বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, চুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. নুরুল্লাহ।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





