জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল উপলক্ষে মনোনয়ন ফরম বিতরণ স্থগিত রেখেছে বিএনপি।
ছাত্রদল থেকে বহিষ্কৃত ও বিক্ষুব্ধ নেতাকর্মীদের আন্দোলনের প্রেক্ষিতে এই ফরম বিতরণ বন্ধ রাখা হয়।
অন্যদিকে শনিবার (২৮ জুন) পর্যন্ত ফরম বিতরণ স্থগিত থাকায় বিক্ষুব্ধরাও তাদের অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে।
শনিবার বিকেলে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ছাত্রদলের সংকট নিরসনে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সে পর্যন্ত ছাত্রদলের মনোনয়ন এবং বিক্ষুব্ধদের কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ (২৮ জুন) শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে ছাত্রদলের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি এজমল হোসেন পাইলট এই তথ্য জানিয়েছেন।
শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সমাধান না হলে রোববার থেকে টানা কর্মসূচিতে যাওয়ার কথা বলেন তিনি।
বয়সসীমা প্রত্যাহার করে বা নিয়মিত ছাত্রদের দিয়ে কেন্দ্রিয় কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের একাংশের নেতারা চলতি মাসের ১১ তারিখ থেকে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের প্রথম দিনে তারা বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ে তালা দিয়ে দলের সিনিয়র নেতাদের অবরুদ্ধ করে রাখে।
পরবর্তীতে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কার্যালয় ভাংচুর করে তারা। বিক্ষুব্ধদের আন্দোলনের কারণে ছাত্রদলের ১২ জনকে বহিষ্কার করে বিএনপি। অবিলম্বে এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
এমবি





