কোন বাজেটই ভুল ত্রুটির উর্ধ্বে নয় দাবি করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংসদের ভেতরে ও বাহিরের যে সকল বিরোধী দল রয়েছে, আমরা তাদের কাছে বাজেট বাস্তবায়নের সহযোগিতা কামনা করছি।
শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, নীতি নৈতিকতা নিয়ে আপনারা প্রশ্ন তুলতে পারেন না। জিয়াউর রহমান ও এরশাদ সামরিক শাসক হয়েও বাজেট ঘোষণা করেছিলেন। এটা কোন নৈতিকতার ভিত্তিতে করেছিলেন? যাদের নিজেদেরই নৈতিক ভিত্তি নেই তারা কিভাবে নৈতিকতার প্রশ্ন তোলে?  আদালত ইতিমধ্যে সামরিক শাসকদের শাসনকাল অবৈধ ঘোষণা করে দিয়েছে।
তিনি আরও বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই এই সরকার শতভাগ বৈধ ও সাংবিধানিক। আপনারা নির্বাচনে আসবেন না তা হলে আমরা কি করবো?
তিনি বলেন, দেশটা সকলের। চট্টগ্রামের রাস্তা হলে শুধু আওয়ামী লীগের লোকের গাড়ী চলবে না। বিএনপির গাড়ীও চলবে। দেশের উন্নতি হলে শুধু আওয়ামী লীগের হবে না। দেশের সকল নাগরিকের উন্নতি হবে।
সুরঞ্জিত বলেন, এতবড় বাজেট দেখে খালেদা জিয়ার গাত্রদাহ শুরু হয়েছে। শেখ হাসিনা সরকার এতবড় বাজেট ঘোষণা করেছে, আমরা কেন পারিনি! আপনারা হাজারের বই পড়েছেন লাখের বাজেট দিবেন কিভাবে?
সংগঠনের উপদেষ্টা ও ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী মো: সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন পল্টু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৬ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]