মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা একে একে বিএনপি ছাড়ে বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পদত্যগের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার একথা বলেন হানিফ।

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী গতকাল বুধবার রাতে রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা জানিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে একটি চিঠি পাঠান। যেহেতু তিনি রাজনীতি ছাড়ছেন, তাই বিএনপির কোনো পদে থাকার সুযোগ নেই বলেও চিঠিতে উল্লেখ করেন।

খালেদা জিয়া এখন লন্ডনে অবস্থান করছেন। এ কারণে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে তিনি চিঠিটি দেন।

জেলহত্যা দিবস উপলক্ষে আগামী ২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশের প্রস্তুতি সভা শেষে হানিফ সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, দুই বিদেশি নাগরিক হত্যার দায় বিএনপি এড়াতে পারে না। দুটি ঘটনায় বিএনপির নেতারা জড়িত বলে জানা গেছে।

গতকাল বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তাঁদের দল খুনের রাজনীতি করে না। বিএনপির কোনো নেতা যদি খুনের সঙ্গে জড়িত থাকেন, তাহলে সেই দায় বিএনপি নেবে না।

এআই