আজ শহিদ বুদ্ধিজীবী দিবস। রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার হাজার হাজার জনতা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন।

আজ শনিবার সকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ঘাতকরা। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আরো এগিয়ে যেতে হবে বলে জানান তিনি।

এসময় আরও শ্রদ্ধা জানান জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সহধর্মিণী (খালেদা জিয়া) যিনি পাক হানাদার বাহিনীর হাতে নির্যাতিত হয়েছিলেন, বন্দি হয়েছিলেন- দুর্ভাগ্যের কথা যে, আজকে তিনি কারাগারে আছেন। হাজার হাজার নেতাকর্মী কারাগারে। মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক দলগুলোকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিএনপিকে নির্মূল করার চেষ্টা হচ্ছে।

 

স্বাধীনতা যুদ্ধের যে চেতনা, স্বাধীন স্বার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে স্বপ্ন, সেটা বর্তমানের আওয়ামী অগণতান্ত্রিক সরকার ভেঙে খান খান করে দিয়েছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।

জেএসডি সভাপতি আবদুর রব বলেন, দেশে রাজনীতি নেই তাই বুদ্ধিজীবীদের ত্যাগের মর্যাদা অক্ষুন্ন নেই।

এএস