চিকিৎসা শেষ হলেও দেশে ফিরে না আসায় রাজনৈতিক অঙ্গনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে নানা গুঞ্জন চলছে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লন্ডন সফরকে ঘিরে সেই গুঞ্জনের সাথে যোগ হয়েছে নতুন বার্তা।
লন্ডন বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার বেশিরভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তবে ভারতের প্রধানমন্ত্রী লন্ডন সফরে যাবেন তাই তার (মোদীর) সাক্ষাৎ পেতেই দেশে ফিরতে বিলম্ব করছেন খালেদা জিয়া।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি ব্রিটেন সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। লন্ডন তার উপর এক দশক ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথম তিনি এ সফর করবেন।
মোদী বলেছেন, ‘দিওয়ালির একদিন পর আমি ব্রিটেন সফরে যাব।’ আগামী ১১ নভেম্বর হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় অনুষ্ঠান দিওয়ালি অনুষ্ঠিত হবে।
মোদী আগামী ১২ থেকে ১৪ নভেম্বর লন্ডন সফর করবেন। এরপর তিনি জি-২০ সম্মেলনে যোগদানের জন্য তুরস্ক যাবেন।"
এদিকে মোদির লন্ডন সফরকে কেন্দ্র করে তার সাক্ষাৎ পেতে উচ্চ পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি করছে বিএনপি। দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে সরাসরি তত্বাবধায়ন করছেন বলে জানা গেছে।
লন্ডন বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে জানিয়েছেন, ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রবণ মুখার্জির সঙ্গে সাক্ষাৎ না করার কারণে বিএনপি যতটা ক্ষতির সম্মুখীন হয়েছে মোদীর লন্ডন সফরে মা ও ছেলে সাক্ষাৎ করে সেই ক্ষতিটা পুষিয়ে নেয়ার চেষ্টা করবেন।
তিনি জানান, মোদীর লন্ডন সফরের কারণেই মূলত দেশে ফেরার তারিখ বারবার পরিবর্তন করছেন খালেদা জিয়া। বর্তমান পরিস্থিতিতে মোদীর একান্ত সাক্ষাৎ বিএনপির জন্য টার্নিং পয়েন্ট হতে পারে বলেও মনে করেন তিনি।
তবে চুড়ান্ত পর্যায়ে খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পাবেন কিনা সেই বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।
এদিকে খালেদা জিয়ার দেশে ফেরা ও দলের নতুন নেতৃত্বসহ নানান বিষয়ে গোপনীয়তা রক্ষা করছেন খালেদা জিয়া ও তারেক রহমান। তবে দলের বৃহত্তর স্বার্থেই তারা গোপনীয়তা রক্ষা করছেন বলে লন্ডন বিএনপি সূত্রে জানা গেছে।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ব্রেকিংনিউজকে বলেন, মোদী লন্ডন সফরে যাচ্ছে এ কথা শুনেছি। তবে ম্যাডাম মোদীর সঙ্গে সাক্ষাৎ করছেন কিনা তা জানি না।
চিকিৎসা শেষ হলেও খালেদা জিয়া দেশে ফিরছেন না কেন, এমন প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ব্রেকিংনিউজকে বলেন, চিকিৎসা পুরোপুরি শেষ হলে দেশে ফিরে আসবেন বিএনপি প্রধান। বিষয়টি নিয়ে ধুম্রজাল সৃষ্টির কিছুই নেই।
এমএ





