গণজাগরণ মঞ্চে হামলার ঘটনায় মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ওই ঘটনায় পাল্টাপাল্টি আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার দুপুরে মঞ্চের অন্যতম সংগঠক ও ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিল’র কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান এনাম ডা. ইমরান এইচ সরকারকে প্রধান আসামি করে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৫।
মামলায় অপর আসামিরা হলেন- বাধন, জয়সহ অজ্ঞাত আরও ৪-৫ জন।
এই মামলার পরিপ্রেক্ষিতে নরেন্দ্র সাহা জয় অপর একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৬।
মামলায় আগের মামলার বাদী মেহেদী হাসান এনাম, আরিফ, শিশির, শেখ আসলামসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
শাহবাগ থানার ডিউটি অফিসার কৃষ্ণ চন্দ্র রায় পাল্টাপাল্টি দুই মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের মিডিয়া সেলের সামনে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে অরণ্য শাকিল, নবেন্দু সাহা জয়, তানভির, সনাতন, আদনান ও আশিকুর রহমান আহত হন। তারা সবাই গণজাগরণ মঞ্চের কর্মী।
গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিল’র কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান এনাম অভিযোগ করেন, ‘ইমরান বিভিন্ন সময়ে অর্থনৈতিক অনিয়ম, স্ববিরোধী কর্মকাণ্ড ও অর্থের উৎসের অস্বচ্ছতা করেছে। ফলে দীর্ঘদিন ধরে কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
এদিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এখানে কোনো প্রকার দলীয়করণ নেই। কোনো ছাত্র সংগঠনের সঙ্গে আমাদের বৈরী সম্পর্ক নেই।’
তিনি বলেন, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা এ হামলা করেছে। টাকা আত্মসাতের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
[b]ঢাকা, ৪  এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]