এই সরকার শয়তানের আত্মা নিয়ে অবৈধভাবে দেশে চালাচ্ছে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, ডেভিলের (শয়তানের আত্মা) পতন ঘটলেই দেশে শান্তির সুবাতাস বইবে।

রোববার বিকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, গণতন্ত্রবিরোধীদের সমালোচনা বন্ধ করার জন্য গুম-খুন, হত্যা ও অপহরণের ন্যায় নানাবিধ নির্দয় পন্থা অবলম্বন করেও এই সরকার নিজেদের নিরাপদ বোধ করছে না। এজন্য তারা বিরোধী দলের ওপর নির্বিচারে মামলা ও গ্রেফতার করছে। এমনকি তারা বিরোধী দলের নেতাকর্মীদের তুঘলকি কায়দায় বিচার করছে।

তিনি বলেন, ভোটারবিহীন এই সরকারের গোক্ষুরের একটি নমুনা হলো- যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া।

বিএনপির এই নেতা দলের পক্ষ থেকে আলালসহ অন্য আটককৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দাবি করেন।

রিজভী আরও বলেন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও মন্ত্রীরা প্রতিদিন যেভাবে কথা বলেছেন, তাতে মনে হয় তাদের জন্মের সময় মুখে মধু না দিয়ে ধুতরার বিষ ঢেলে দেয়া হয়েছিলো।

তিনি বলেন, সম্প্রতি দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ড. পিয়াস করিমের মৃত্যুর পর সরকার যে আচরণ করেছে তাতে জাতি লজ্জিত ও অপমানবোধ করেছে।

পাশাপাশি জাতি সবিষ্ময়ে লক্ষ্য করছে যে, উচ্ছেদ, উৎখাত ও দখলের ধারাবাহিকতায় তারা এখন ভাষা আন্দোলনের স্মারক স্থানটিকেও তারা দলীয় কাছারি ঘরে পরিণত করতে চাচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরাফত আলী সপু, সহ-দফতর সম্পাদক আসাদুল করীম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএইচ, জেএ