সিএনজি অটোরিকশার ভাড়া আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে সচিবালয়ে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশার মালিক সমিতি ঐক্য পরিষদ নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন,এখন ভাড়া বৃদ্ধি করা হবে না,বিদ্যমান ভাড়াই বলবৎ থাকবে।
মন্ত্রী জানান, পরিষদের দাবি অনুযায়ী অটোরিকশার ইকোনমি লাইফ ১১ থেকে ১৫ বছর করার দাবি মেনে নিয়েছে সরকার। তবে বুয়েটের সুপারিশ অনুযায়ী অটোরিকশার ইঞ্জিন ওভারহেলিং,নতুন সিট কাভারসহ অনুমোদিত ওয়ার্কশপ থেকে যান্ত্রিক পরীক্ষা করতে হবে।
বুয়েটের শর্ত বাস্তবায়নে মালিক সমিতি থেকে চারজন প্রতিনিধি ও বিআরটিএ থেকে তিনজন নিয়ে মোট সাতজনের একটি কমিটি গঠনেরও ঘোষণা দেন যোগাযোগ মন্ত্রী। তিনি বলেন, অটোরিকশা নির্ধারিত ভাড়ায় যাতে মিটারে চলাচল করে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
বৈঠকে মালিক সমিতি ঐক্য পরিষদের পক্ষ থেকে আয়কর,পুলিশের হয়রানি ও পার্কিংয়ের জায়গা দেয়াসহ চুরি-ছিনতাই ও চালক হত্যা বন্ধ করার জন্য দাবি জানানো হয়।
সংশিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়গুলো সমাধান করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।
ইঞ্জিনের ‘ইকোনোমিক লাইফ’ হিসেব করে নয় বছরের জন্য অটোরিকশার লাইসেন্স দেয়া হয়। পরবর্তিতে মালিক ও চালকদের দাবির কারণে আরো দুই বছর বাড়িয়ে মেয়াদ ১১ বছর করা হয়।
এই হিসেব অনুযায়ী রাজধানীতে চলাচলকারী প্রায় ১৬ হাজার সিএনজিচালিত অটোরিকশার বেশিরভাগের ২০১৩ সালেই ইকোনোমিক লাইফ শেষ হয়েছে।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]