বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের ওপর ন্যস্ত করতে সংবিধান সংশোধন করার বিল উত্থাপনের প্রতিবাদে ২দিনের কর্মসুচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

কর্মসুচির মধ্যে রয়েছে আগামীকাল বুধবার ১০ সেপ্টেম্বর সারা দেশে জেলা ও মহানগরে  বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার একই দাবীতে ঢাকা মহানগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এক সংবাদ সম্মেলনে এই কর্মসুচি ঘোষণা করেন।

তিনি বলেন,  বর্তমান অবৈধ সরকার জনগনকে শান্তি ও নিরাপত্তা প্রদানের বদলে যে অপশাসন আর হত্যালীলায় মেতে উঠেছে তাতে দেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে উঠেছে। ৫ জানুয়ারির বিতর্কিত ও প্রহসনের নির্বাচনের পর সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েে একের পর গণবিরোধী আইন ও নীতি প্রণয়ন করছে। এসব করার ইচ্ছা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে কেউ যেন কথা বলার সাহস কিংবা সুযোগ না পায়।

নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতাসীনরা দেশের মঙ্গল চায় না বলেই নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এসব গণবিরোধী কালাকানুন আইন তৈরী করছে। অতীতেও আওয়ামী লীগ সরকারের নির্মম আঘাতে গণতন্ত্র ক্ষতবিক্ষত হয়েছে। আর বর্তমানে তাদের হাতে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে গলাটিপে হত্যা করা হচ্ছে।

তিনি বলেন, বিচারপতিদের অভিসংশন ক্ষমতা জাতীয় সংসদের ওপর ন্যস্ত হলে জনগণের ন্যায় বিচার পাওয়ার শেষ সম্ভাবনাটুকু বিলীন হয়ে যাবে এবং বিচারবিভাগের স্বাধীনতা বলতে কিছুই থাকবে না। তাই জনগণ এই অপচেষ্টার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

বিএনপির এই নেতা আরও বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে এই কুটিল চক্রান্ত রুখে দিবে ইনশাল্লাহ।

 সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 ঢাকা, এমএইচ, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম