মতিঝিলের অবস্থান কর্মসূচি থেকে বিএনপির সাবেক দুই সংসদ সদস্য আটকের পরও নিজের দাবিতে অনড় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। প্রধানমন্ত্রী সংলাপের উদ্যোগ গ্রহণ ও খালেদা জিয়া অবরোধ প্রত্যাহার না করলে তিনি মতিঝিল থেকে যাবেন না।

বুধবার দুপুরে কাদের সিদ্দিকীর সঙ্গে দেখা করে যাওয়ার সময় আটক হন লক্ষ্মীপুরের রামগঞ্জের বিএনপি দলীয় সাবেক এমপি নিজাম উদ্দিন ও রামগতি এলাকার সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন। মতিঝিল থানা পুলিশ এই দুইজনকে আটক করে।

কাদের সিদ্দিকী বলেন, পুলিশ যদি ডিস্টার্ব করে, এখান থেকে আমাদের তুলে দেয়, তাহলে আগামী মঙ্গলবার গণভবনের সামনে অবস্থান নেব। আমার লোক ধরছে, এখানে যারা আসছেন তাদের ধরছে। আমাকে ধরে নিয়ে গেলেই তো হয়।

তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে অবস্থান চলবে। দেশ স্বাধীন করেছি। আমি কি ফুটপাতেও অবস্থান করতে পারব না।

এদিকে বুধবার মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সংলাপ ও অবরোধ প্রত্যাহারের দাবিতে চলমান অবস্থান কর্মসূচির সাত দিন পূর্ণ হলো। এখনও সেখানে প্রায় তিন শতাধিক কর্মী নিয়ে অবস্থান করছেন কাদের সিদ্দিকী।

সরেজমিন কাদের সিদ্দিকীর অবস্থানস্থলে বুধবার সন্ধ্যায় দেখা যায়, কাদের সিদ্দিকীর অবস্থানে দুটি ভ্রাম্যমাণ মঞ্চ বসানো হয়েছে। একটিতে কাদের সিদ্দিকী বসে আছেন। মঞ্চের সামনে প্রায় শতাধিক চেয়ারে বসে আছেন বিভিন্ন জায়গা থেকে আগত সমর্থকরা। অন্য একটি মঞ্চ থেকে বাউল গান গাইছেন বাউল শিল্পী কাঙাল আলম। দুটি মাইক লাগানো হয়েছে। অনেক পথচারীকেও দাঁড়িয়ে গান শুনতে দেখা গেছে।

অবস্থান কর্মসূচিতে রয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট রফিকুল ইসলাম, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিব-উন নবী সোহেল, ছাত্র আন্দোলনের আহ্বায়ত রিফাতুল ইসলাম দ্বীপ প্রমুখ।

কেএইচ