খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের স্থান নেই। ইসলাম সর্বদা মহব্বতের সঙ্গে ইসলাম প্রচার করে। আজকের সমাজে যারা সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়াচ্ছে তাদের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই।
বৃহস্পতিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে দেশ অধ্যয়ন কেন্দ্র আয়োজিত 'মাতৃভাষা উন্নয়ন ও বিকাশে আলেমদের ভূমিকা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে উপস্থিত আলেমদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের আলেম সমাজের বিভিন্ন মত পার্থক্য  আমাদের ছেলে-মেয়েদের বিভ্রান্ত করছে। তাই আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।‌‍’
তিনি বলেন, আজকের সমাজের কিছু আলেম ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে। এতে আমাদের ছেলে-মেয়েরা বিপথগামী হচ্ছে। তাই আপনারা আলেম সমাজ জুমার দিন যুগোপযোগি বয়ান দিয়ে তাদেরকে সঠিক পথ দেখাবেন।
এসময় আয়োজক সংগঠনের নেতারা আলেম সমাজে যারা বাংলা ভাষায় অবদান রেখেছেন তাদেরকে একুশে পদক দেয়ার আহ্বান জানান। এ ব্যাপারে খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে আলেমদের জানিয়েছেন।
দেশ অধ্যয়ন কেন্দ্রের সভাপতি মাওলানা উবায়দুর রহমান খান নদভীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ ওয়াহেদুজ্জামান, মাওলানা মাজহারুল ইসলাম প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]