ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার দোয়েল চত্বরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক আহত হয়েছেন।  

আজ (বুধবার) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অস্ত্রোপচারের পর সোহানকে ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কেবিনে রাখা হয়েছে।  

আহত সামিউল আলম সোহান (৪৫) ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক।

সামিউল বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঢাকা মহানগরের কমিটির নেতা। 

আহত সামিউল আলম সোহান জানান, খিলগাঁও তিলপাপাড়া ‘এ’ব্লকে থাকেন তিনি। সকালে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে আসছিলেন।

দোয়েল চত্বর থেকে ঢাবির শহীদুল্লাহ হলের দিকে আসতেই পেছন থেকে একটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত সোহানের পিঠে ছুরিকাঘাত করে। তিনি আহত অবস্থায় পড়ে গেলে দুর্বৃত্তরা চানখাঁরপুলের দিকে পালিয়ে যায়।

ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের পরিচালক অধ্যাপক আবুল কালাম জানান, সামিউল আলম সোহানের পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। তার পিঠে প্রায় ৬০টির মতো সেলাই করা হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত।   

এমবি