সংগঠন বিরোধী কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে দল থেকে বহিষ্কৃত পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

মঙ্গলবার (০৮ মার্চ) দলের যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উক্ত আদেশে বলা হয়, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম সলিমুল্লা টিপু, রাজশাহীর নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম এবং আড়ানী পৌর বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মাস্টারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য প্রাথমিক সদস্যপদ সহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বহিষ্কৃতদের আবেদনের মাধ্যমে অনুতপ্তের বিষয়টি বিবেচনা করা হয়েছে বলে জানানো হয়।

 

এমআইএস।