বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আইনের প্রতি দেশের মানুষের আস্থা বেড়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সম্মিলিত নাগরিক দল আয়োজিত আলোচনা সভায় মঈন খান এ দাবি করেন।
বিএনপি নেতা বলেন, ষোড়শ সংশোধনীর রায়ে সরকার এবং সংসদ খুশি হবে না এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে তো আইন থেমে থাকবে না, আইন চলবে তার নিজস্ব গতিতে।
মঈন খান বলেন, সরকার দেশের গণতন্ত্র ভুলুণ্ঠিত করেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে পুনরায় দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।
মঈন আরও বলেন, “সরকার অখুশি হতে পারে, সংসদ অখুশি হতে পারে। কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলে। আইন যেটা সঠিক, যেটা সত্য, যখন সে কথা বলে না তখন দেশের মানুষ আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলে। আজকে বলার অপেক্ষা রাখে না, যে বক্তব্য ১৬ কোটি মানুষ দেশের সর্বোচ্চ আদালত বিচার বিভাগ থেকে শুনতে পেরেছে তাতে দেশের মানুষের আস্থা আইনের প্রতি বেড়েছে, কোনো অংশে কমেনি।”
এমবি





