হজ্জ্ব ও তাবলীগ জামায়াতকে নিয়ে সরকারের মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরূপ মন্তব্যকে আওয়ামী লীগ সরকারের সামগ্রিক মনোভাবের বহি:প্রকাশ দাবী করেছে বিএনপি। 

মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, এর মাধ্যমে বিশ্বের দেড়শ কোটি মুসলমানের প্রাণের স্পন্দন ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ সরকারের এই অবৈধ মন্ত্রী ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ (সা:) এর প্রতিও অবজ্ঞা করেছেন। যার নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই।

রিজভী বলেন, নির্বাচন এলেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা হাতে তসবীহ আর গায়ে বোরকা জড়ান। এগুলো মেকি, ভোটের জন্য জনগণের সঙ্গে অভিনয়।

তিনি বলেন, সারা দেশে ঘটে যাওয়া সকল খুনের পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী নিজেই। তাই কোনো গুম, খুনের বিচার হচ্ছে না।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, পিতার মত ক্ষমতার আরাম ভুলতে পারছেনা বলে বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী বেগম জিয়ার সংলাপের আহ্বান ও মধ্যবর্তী নির্বাচনের দাবী নাকচ করে দিয়েছেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের আহ্বানে সাড়া না দিলে পরিণতি যা ঘটার তাই ঘটবে। এর পরিণতি ভালো হবেনা। জনগণের ইচ্ছার মূল্যায়ন না করে অতীতেও কোনো দখলবাজ সরকার টিকে থাকতে পারেনি। এরাও পারবেনা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

ঢাকা, এমএইচ, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম