তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা যাচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
টানা দ্বিতীয় মেয়াদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন মমতা। আগামী ২৭ মে শপথ নেবেন তিনি। ২০১১ সালের রাজ্য ভবনে শপথ অনুষ্ঠান হলেও এবার কলকাতার রেড রোডে (ইন্ধিরা গান্ধী সড়ক) শপথ গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
গত ১৯ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন মমতা।
এদিকে জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে শনিবার (২৬ মে) চারদিনের সফরে জাপান যাচ্ছেন শেখ হাসিনা। আর এ কারণেই মমতার শপথে যাওয়ার সুযোগ হচ্ছে না তার জন্য।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বুধবার এক সংবাদ সম্মেলনে জানান,শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে তৃণমূলের ‘জোড়াফুল’ পেয়েছে ২১১টি আসন। তাদের প্রতিদ্বন্দ্বী বামফ্রন্ট-কংগ্রেস জোট পেয়েছে ৭৭টি। আর কেন্দ্র সরকারে ক্ষমতাসীন বিজেপি বাংলায় পেয়েছে মাত্র তিনটি আসন।
এর আগে, ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালে পশ্চিমবঙ্গের ক্ষমতা নেন কংগ্রেসের এক সময়ের নেত্রী মমতা। ওই নির্বাচনে তার দল তৃণমূল পায় ১৮৪টি আসন।
২০১১ সালে মমতার ওই বিজয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে টেলিফোন করে অভিনন্দন জানান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তার শুভকামনা করেন। কিন্তু মমতার এবারের অভূতপূর্ব বিজয়ে শেখ হাসিনা তাকে টেলিফোনও করেননি এবং শুভেচ্ছা জানিয়ে কোন চিঠিও দেননি।
তবে, শেষ পর্যন্ত আমির হোসেন আমুর শপথ অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করার বিষয়ে খোদ শেখ হাসিনার পক্ষ থেকেই সিদ্ধান্ত এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে শপথ অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রন জানিয়ে মমতার পক্ষ থেকে দেয়া চিঠি শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হয়।
কেবি





