আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল নয় কুমিল্লায় দেয়া খালেদা জিয়ার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমন্ডিলীর সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর বলেছেন- ১৯৭১ সালে বিএনপির জন্মই হয়নি, তখন রাজনৈতিক দল হিসেবে মাঠে ছিল আওয়মী লীগ। তিনি কিভাবে এ ধরনের কথা বলেন, তার এ বক্তব্য আহাম্মকের মত।

বুধবার দুপুরে জাতীয় পাবলিক লাইব্রেরীর কনফারেন্স রুমে শেরেবাংলা সংস্কৃতিক ঐক্যজোট ও সার্ক সাহিত্য সংস্কৃতি পরিষদ আয়োজিত “ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণ” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রসঙ্গত গত শনিবার ২০ দলীয় জোট আয়োজিত কুমিল্লার জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন 'আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের পক্ষের দল নয়'

তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা দেশ ও জনগণের শত্রু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে যারা বিরোধীতা করেন, তারা কুপমন্ডুকতায় বিশ্বাস করে। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে, এখানে কোন বাঁধা আসলে কঠোর হস্তে দমন করা হবে।

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সতীস চন্দ্র রায় বলেন, ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে। বিএনপি-জামায়াত সোনারবাংলা চায় না, তারা প্রতিনিয়তই প্রতিবন্ধকতা করছে। তাই এদেরকে রুখে দিতে হবে।

সার্ক চলচিত্র সাংবাদিক সমিতির সভাপতি রেদওয়ান খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান, লায়ন সালাম মাহমুদ, সাবেক এটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃ জাকারিয়া সরকার প্রমুখ।

এমআর, জেএ