ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চে’র হামলা ও বর্বর নির্যাতনের তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন ও সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলাম একথা বলেন।
শিবির সভাপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারো বর্বরতার নৃশংস নজীর স্থাপন করেছে ছাত্রলীগ ও কথিত মুক্তিযুদ্ধ মঞ্চে’র সন্ত্রাসীরা। গতকাল দুপুরে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনের নেতৃত্বে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীরা ডাকসু ভবনের গেট তালা দিয়ে ভিতরে অবস্থানরত ভিপি নুরুল হক নুরুসহ তার সহযোগীদের উপর অস্ত্রশস্ত্র নিয়ে নৃশংস হামলা চালায়। এসময় রুমের আলো নিভিয়ে নৃশংস কায়দায় তাদের পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত করা হয়। এই নৃশংস হামলায় ভিপি নূরসহ প্রায় ৩২ জন ছাত্র মারাত্মকভাবে আহত হয়েছে। দীর্ঘ সময় নিয়ে পরিকল্পিতভাবে এই বর্বরতা চললেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসন কেউই তাদের রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।
আজ ছাত্রসমাজের কাছে স্পষ্ট যে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসন তাদের নীতি নৈতিকতা ও দায়িত্ববোধকে জলাঞ্জলি দিয়ে নিজেদেরকে ছাত্রলীগের সন্ত্রাসীদের কাছে জিম্মি করে দিয়েছে। ছাত্রদের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ ছাত্রলীগ সন্ত্রাসীদের কাছে নতজানু থাকলে এমন গুরত্বপূর্ণ দায়িত্বশীল পদে থাকার কোন যৌক্তিকতা নেই।
হাসপাতালে ভর্তি থাকা শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং অবিলম্বে চিহ্নিত ছাত্রলীগ ও কথিত মুক্তিযুদ্ধ মঞ্চে’র সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহবান জানান শিবির নেতৃবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)





