বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বলেছেন, ‘আগামী আন্দোলনে অবশ্যই সফল হতে হবে। নয়তো মৃত্যু অবধারিত। কারণ, আন্দোলনে সফল না হলে শেখ হাসিনা সরকারের হাত থেকে কেউ বাঁচতে পারবে না।
বৃহস্পতিবার বিকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ২০ দলীয় জোটের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
মোরশেদ খান বলেন, ‘বর্তমান সরকার গণতন্ত্রের নামে দেশের ঘাড়ে জগদ্দল পাথর হয়ে চেপে বসেছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। ধারের উপর দেশ চলছে।
তিনি বলেন, প্রশাসনকে দলীয় বাহিনীর মতো ব্যবহার করছে সরকার। অন্ধকার থেকে দেশের মানুষের মুক্তির জন্য সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প নেই।
এ সময় তিনি ২০ দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে অতীতের ভেদাভেদ ভুলে এক হয়ে আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, আওয়ামী লীগকে আর সময় দেয়া যাবে না। এখনই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী এই সরকারের পতন ঘটাতে হবে।
প্রতিনিধি সভায় জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সভাপতিত্ব করেন।
এতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুমিনুল হক চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





