বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ‘অবৈধ সরকার যা করছে তা সব অবৈধ। তাদের পছন্দ না হলে আদালতের কথাও তারা শুনে না।’
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা যুবদল আয়োজিত গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমানসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।’
তিনি বলেন, ‘সরকার আইনের এমন অবস্থা করেছে যে তাদের নিজেদের জন্য এক রকম আর জনগণের জন্য অন্য রকম।’    
সরকারকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘অটো প্রমোশন পেয়ে এমপি, মন্ত্রী হয়েছেন। জনগণের ভোটে নয়।’
হান্নান শাহ বলেন, ‘সরকার কোনো আইন মানে না। বিভিন্ন সময় বিভিন্ন নেতাকে মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করছে।’
এসময় নেতা কর্মীদের উদ্দেশে প্রবীন এ নেতা বলেন, ‘আপনারা সরকার পতনের আন্দোলনের জন্য তৈরি হয়ে যান।’
ঢাকা জেলা যুবদলের আহ্বায়ক আলহাজ্ব নাজিম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আহ্বায়ক ছোরাব হোসেন ডালিম, সাবেক ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই [/b]