আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আন্দোলনের হুমকি গতানুগতিক এবং বরাবরের মতোই হাস্যকর। এই দলটি আন্দোলনের নামে বিগত সাড়ে ১০ বছর ধরে একের-পর এক হুমকি-ধমকি দিয়ে আসছে।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দু’দিনব্যাপী ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এই কথা বলেন, খবর বাসস।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন দেওয়ার বিষয়টি সরকারের নয়, আদালতের ব্যাপার- এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, এ দলটি (বিএনপি) আইন মানে না, আদালতকেও সম্মান করে না।
তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে অতীতের মতো আন্দোলনের নামে গতানুগতিক হুমকি দিয়ে লাভ হবে না। তবে আদালত যদি জামিন দেয় তাহলে তিনি (খালেদা জিয়া) মুক্তি পাবেন। এছাড়া অন্য কোনো পথ খোলা নেই।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে বিচার বিভাগ এখন স্বাধীন। আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য ও নেতা কারাগারে গেছেন, অনেকেই কারাভোগ করেছেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির শাসনামলে বিচার বিভাগ স্বাধীন ছিল না। তারা বিচার বিভাগকে অনেকটাই কোণঠাসা করে রেখেছিল।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সার্বিক সফলতার কথা তুলে ধরে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন বাংলাদেশের উন্নয়নের রূপকার।
হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকারের শাসনামলে বিগত ১০ বছরের দেশে যে পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, তা আর কোনো সরকারের আমলে হয়নি। শেখ হাসিনার বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে উন্নয়নের রোড মডেল।
এমবি





