সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, বিচার বিভাগের সঙ্গে প্রতিযোগিতা করবেন না, তা করতে চাইলেও পারবেন না।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে অর্থমন্ত্রীর করা মন্তব্য প্রসঙ্গে তিনি একথা বলেন।
মওদুদ আহমেদ বলেন, বিচার বিভাগের সঙ্গে প্রতিযোগিতা করবেন না, তা করতে চাইলেও পারবেন না। অতীতেও কেউ পারেনি। এখানে হাত দিলে হাত পুড়ে যায়।
বিএনপির এই নেতা বলেন, সরকারের সিনিয়র এক মন্ত্রী বলেছেন- যতবার ষোড়শ সংশোধনী বাতিল করা হবে ততবার এটা সংসদে পাশ করবো।
এটা খুবই ভয়ঙ্কর কথা। এর মাধ্যমে প্রমাণ হয়-সুপ্রিম কোর্টের ওপর সরকারের আস্থা নেই। তারা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না।
সভায় আরও ছিলেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের অধ্যাপক ড. এস এমম হাসান তালুকদার প্রমুখ।
এমবি





