সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ‘সারাবিশ্বে সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করছে আমেরিকা। অথচ বাংলাদেশে মানবতাবিরোধীদের বিচার করলে তাদের চুলকানি শুরু হয়ে যায়। বাংলাদেশ সরকার যখন জামায়াতকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে তখনও বাধা দিয়েছে ওই সাম্রাজ্যবাদী শক্তি। তারপরও বাংলাদেশ শান্তির পথেই হাঁটবে। কারো রক্তচক্ষুকে বাংলাদেশ ভয় পায় না।’
জাপানের হিরোশিমা নগরীতে পারমাণবিক বোমা বর্ষেণের ৬৯ বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি। বাংলাদেশ শান্তি পরিষদ নামে একটি সংগঠন বুধবার দুপুরে এ আলোচনা সভার আয়োজন করে।
দিলীপ বড়ুয়া বলেন, ‘হিরোশিমা নগরীতে ভয়াল পারমাণবিক হামলার মতো সারাবিশ্বে আজও একের পর এক বিভিন্ন কৌশলে আক্রমণ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ উদাহরণ গাজায় ইসরায়েলি হামলা। এর পেছনেও আমেরিকার সমর্থন ও সহযোগিতা রয়েছে।’
বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী বলেন, ‘আমি আশাবাদী মানুষ। আমি আশা করি, সারাবিশ্বে সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন বন্ধ হবে। মানুষ শান্তিতে বসবাস করবে। তা না হলে বিশ্ববাসী অচিরেই এর দাঁতভাঙা জবাব দেবে।’
তিনি জাতিসংঘকে আমেরিকার গোলামী না খেটে অচিরেই গাজায় ইসরায়েলি হামলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়া মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে বিশ্ববাসীর প্রতি আহবান জানানো হয়।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন- সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু প্রমুখ।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





