স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের অধ্যাদেশ জারি করার আগে জাতীয় পর্যায়ে গণভোট নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার জন্য সরকারকে যে সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবায়ন করা হলে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তাই আমার মতে, এই বিষয়ে সরকার যদি রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নিতে না চায় তা সমস্যা নেই। তবে জনগণের সিদ্ধান্ত নেয়া উচিত।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম উদ্যোগে ড. পিয়াস করিমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ আহ্বান জানান।

হান্নান শাহ বলেন, দেশের কোন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করেই স্থানীয় সরকার নির্বাচন দলীয প্রতীকে করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীনরা। মূলত সরকার তাদের নীলনকশা বাস্তবায়ন করতেই এককভাবে এ সিদ্ধা্ন্ত নিয়েছে।

আওয়ামী লীগের হাতে বর্তমান একটা কার্ড রয়েছে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ একটি কার্ড নিয়ে দৌড়াদৌড়ি করছে। আর এই কার্ডটি হচ্ছে জঙ্গিবাদের কার্ড। তবে দেশে কোন জঙ্গিবাদ নেই।

কিন্তু আওয়ামী লীগের ভাষায় টেন্ডারবাজি, লুটপাট ও মারামারি করাটাই জঙ্গিবাদ। তাই আমি যদি আওয়ামী লীগের ভাষায় বলি, তাহলে আওয়ামী লীগই একটি জঙ্গিবাহিনী।

‌‌‘প্রথমে ফাঁসি এরপর বিচার, এই নীতিতে আওয়ামী লীগ চলে বলেও মন্তব্য করেন হান্নান শাহ।

দুই বিদেশী হত্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির এ নেতা বলেন, আপনাকে অনুরোধ করছি এসব বিষয়ে কিছু বলবেন না। কারণ আপনারা এই বিষয়ে মতামত দিলে তদন্ত অফিসাররা আপনাদের মতামতের বাইয়ে গিয়ে কাজ করতে পারবে না।

সজীব ওয়াজেদ জয়কে প্রশ্ন রেখে তিনি বলেন, দুই বিদেশীকে হত্যা করা হবে। এই তথ্য আপনার কাছে আগেই ছিল। তাহলে এই হত্যা সংর্গঠিত হলো কিভাবে?

বিএনপির সমালোচনা করে হান্নান শাহ বলেন, দেশের সকল ঘটনায় আমরা শুধু নিন্দাই করে যাচ্ছি। কিন্তু এই নিন্দাকে প্রতিবাদে রুপান্তরিত করতে সচেষ্ট হয়নি।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রফেসর ড. মাহবুল্লাহ প্রমুখ।

এমএ/এসএইচ