জিয়াউর রহমানের নামে শিকাগো শহরের একটি সড়কের অংশ বিশেষের নামকরণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

শুক্রবার শিকাগো সিটি মেয়র কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেয়। তাদের হাতে ছিল জিয়াউর রহমানকে ‘জাতীয় বেঈমান’, ‘ঠাণ্ডা মাথার খুনি’ ও ‘সামরিক স্বৈরাচার’ লেখা ব্যানার, প্ল্যাকার্ড।

পরে বিক্ষোভকারীরা শিকাগো শহরের মেয়রের কাছে একটি স্মারকলিপি দিয়ে জিয়ার নামে সড়কের নাম করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের নেতৃত্বে শিকাগো আওয়ামী লীগের বর্ষণ ইসলাম ও শামসুল ইসলামসহ ওহাইয়ো, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, মিশিগান, নিউ জার্সি, ইলিনয় প্রভৃতি অঙ্গরাজ্যে থেকে নেতাকর্মীরা অংশ নেন।

গত ২৮ মে শিকাগো সিটি কাউন্সিলে ‘অনারেবল জিয়াউর রহমান ওয়ে’ নামে একটি প্রস্তাব পাস হয়। প্রস্তাব অনুযায়ী সিটির নর্থ ক্লার্ক অ্যাভিনিউর ওয়েস্ট প্র্যাট বুলেভার্ডের ৬৮০০এন ক্লার্ক থেকে ওয়েস্ট আলবিয়নের ৬৬০০এন ক্লার্ক পর্যন্ত সড়কের নাম ‘জিয়াউর রহমান ওয়ে’ করার সিদ্ধান্ত হয়।

আগামী ১৪ সেপ্টেম্বর রোববার ওই সড়কের নামফলক উন্মোচনের কথা রয়েছে।

এই খবর প্রকাশের পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সিটি মেয়র রাহম ইমানুয়েলসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ই-মেইল পাঠিয়ে এ সিদ্ধান্ত বদলানোর অনুরোধ জানায় তারা।

১৯৯৭ সালের ১০ অক্টোবর শিকাগো সিটির ডেভন অ্যাভিনিউর একটি বিরাট অংশকে বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের নামে ‘শেখ মুজিব ওয়ে’ এবং অপর প্রান্তের আরেকটি সড়ককে বাংলাদেশের কৃতি সন্তান বিশ্বখ্যাত স্থপতি এফ আর খানের নামে ‘এফ আর খান ওয়ে’ হিসেবে নামকরণ করা হয়।

‘শেখ মুজিব ওয়ে’ হওয়ার পরই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ দল বিএনপির প্রবাসী নেতাকর্মীরা জিয়াউর রহমানের নামে একটি সড়কের নাম করার জন্য দেন-দরবার শুরু করেন। দীর্ঘদিনের চেষ্টায় গত ২৮ মে সিটির ৪৯ নম্বর ওয়ার্ডের অ্যালডারম্যান (কমিশনার) যোসেফ ম্যুরের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় ‘অনারেবল জিয়াউর রহমান ওয়ে’ প্রস্তাবটি পাস হয়।

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই