বিনা বিচারে, বিনা চিকিৎসায় কারাবন্দী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তির জানিয়েছে নাগরিক ছাত্র ঐক্য। ৬ সেপ্টেম্বর, মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে “জননেতা মাহমুদুর রহমান মান্নার মুক্তি চাই” দাবিতে নাগরিক ছাত্র ঐক্য আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে এ আহ্বান জানানো হয়।
নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেএসডি’র সভাপতি আ.স.ম আব্দুর রব, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর (উঃ) আহ্বায়ক শহীদুল্লাহ কায়সার, ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সভাপতি আজম রুপু, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিহান প্রমুখ।
বক্তারা বলেন, ডাকসুর দু’বারের ভিপি, ছাত্ররাজনীতির কিংবদন্তী,বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা, তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার অগ্রসৈনিক জননেতা মাহমুদুর রহমান মান্নাকে সরকার মিথ্যা অজুহাতে বিনা বিচারে, বিনা চিকিৎসায় দেড় বছর ধরে অন্যায়ভাবে কারাগারে আটক রেখেছে।
এটা মানবাধিকার, সংবিধান বিরোধী। তাঁকে বিনা বিচারে আটক রাখা চলবে না। কারাভ্যন্তরে হার্ট ও কিডনির সমস্যাসহ নানান জটিল রোগে গুরুতর অসুস্থ মান্নার জীবন এখন সংকটাপন্ন।
বক্তারা অনতিবিলম্বে মাহমুদুর রহমান মান্নার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবী জানান।
ইআর/এমবি





