সরকারের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বিএনপি।
রাজধানী ও আশপাশের এলাকা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলে অংশ নিতে জড়ো হয়েছে দলটির নেতাকর্মীরা।
এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। বিএনপি নেতাকর্মীদের পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা যায়। পুলিশও আত্মরক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ করে।
আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্প্রীতি মিছিলের আয়োজন করে দলটি।
বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে বের হলে পুলিশের সাথে এ সংঘর্ষ হয়।
সকাল সাড়ে ১০টায় মিছিল শুরু হওয়ার কথা ছিল। সকাল ৯টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে থাকেন। পরে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানিয়ে দলটির সিনিয়র নেতারা বক্তব্য দেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশের সাথে সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কয়েকজন আহত হয় এবং পুলিশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়।
এদিকে বিএনপির মিছিলকে কেন্দ্র করে আগে থেকেই নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
এইচএন





