আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘দলীয় সিদ্ধান্তের বাইরে কারও সিটি নির্বাচনের প্রার্থী হওয়া সম্ভব নয়। দল যাকে মনোনয়ন দেবে তিনিই আওয়ামী লীগসমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। অন্য কেউ নয়।’
শুক্রবার সকালে বনানীতে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।
জাহাঙ্গীর কবির নানক বিএনপিকে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আশা করি বিএনপি তাদের হত্যা, অগ্নিসংযোগ আর জ্বালাও- পোড়াওয়ের রাজনীতি পরিহার করে নির্বাচনে অংশ নেবে। আমরা বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
এ সময় নানক আওয়ামী লীগের জন্য জিল্লুর রহমানের অবস্থান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন।
তবে জিল্লুর রহমানের মৃতুবার্ষিকী উপলক্ষে দলের জ্যেষ্ঠ নেতারা কবরে যাননি।
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
জেএ





