বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত শতাধিক মানুষ মারা গেছেন। এ নির্বাচন শহীদের নির্বাচন। এ নির্বাচনে জনগণকে শহীদ করা হচ্ছে।

শনিবার রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহবুবুর রহমান। জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফাউন্ডেশন’নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

মাহবুবুর রহমান বলেছেন, দেশে দুর্বৃত্তসৃষ্ট দুর্যোগ চলছে। প্রাকৃতিক দুর্যোগ সেটা স্বাভাবিক ও প্রাকৃতিক। সেটাতে আমাদের কোনো আক্ষেপ নেই। কিন্তু যখন দুর্বৃত্ত দ্বারা সৃষ্ট কোনো দুর্যোগ বা সঙ্কট হয়, সেটা আমাদের সমাজ ও জাতীয় জীবনে অনেক বড় ক্ষতি করে দেয়। সেটা আমাদের জন্য অনেক বেদনাদায়ক হয়। অনেক সময় আমরা তা কাটিয়ে উঠতে পারি না। এই দুর্বৃত্তসৃষ্ট দুর্যোগ এখনো দেশে চলছে। টুটি চেপে আজ গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। বাক স্বাধীনতা আজ রুদ্ধ। দেশে আইনের শাসন নেই।

তিনি আরও বলেন, হিন্দু ধর্মশাস্ত্র মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে যত রক্তপাত হয়েছিল তার চেয়ে বেশি রক্তপাত ইউপি নির্বাচনে হয়েছে। তাহলে প্রশ্ন, কেন ও কার জন্য এ নির্বাচন?

এআই