বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপি কার্যালয় থেকে নেতাদের ফোন করে চেয়ারপারসনের এ নির্দেশনা জানিয়ে দেয়া হচ্ছে।

হাইকমান্ডের নির্দেশের পর কোন নেতা দুর্গত এলাকায় না গেলে তাদের তালিকা করারও নির্দেশ দেয়া হয়েছে।

আর পুরো বিষয়টি দেখভালের জন্য কেন্দ্রীয় দফতরকে দায়িত্ব দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু  জানান বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে চেয়ারপারসন নির্দেশ পাঠিয়েছেন।

কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সংশ্লিষ্ট জেলা ও উপজেলার কোনো নেতা যাতে ঢাকায় না থাকেন সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। চেয়ারপারসনের এমন নির্দেশনা ইতিমধ্যে সংশ্লিষ্ট নেতাদের অবহিত করা হয়েছে।

এর আগে সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের আহ্বানকে উদৃত করে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের পাশাপাশি দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যাসহ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার চেয়ারপারসনের জন্মদিন পালন করা থেকে বিরত থেকেছেন।

সূত্র জানায়, দুর্গতদের সহায়তা করতে আজকালের মধ্যে কেন্দ্রীয়ভাবে কয়েকটি টিম করা হবে। কয়েকদিনের মধ্যেই তারা ভাগ হয়ে দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী নিয়ে যাবেন।

ইতিমধ্যে ত্রাণসামগ্রী সংগ্রহে কাজ করা হয়েছে। দলের বিত্তশালীদের এ ব্যাপারে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

এরআগে রোববার এক বিবৃতিতে দলের নেতাকর্মী ও বিত্তশালীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আদর