দেশে ধর্ষণ ও খুন ছাড়া আর কিছুই নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ সোমবার চট্টগ্রামের একটি হোটেলে সাংবাদিকদের এসব কথা বলেন এইচ এম এরশাদ। একটি ব্যাংকের বার্ষিক সভায় অংশ নিতে চট্টগ্রামে যান এইচ এম এরশাদ।
এইচ এম এরশাদ বলেন, “প্রতিদিন খবরের কাগজ খোলো, খালি ধর্ষণ আর খুন। আর কিছু নেই। আমি সেদিন বলেছি, এ দেশে নারী হয়ে জন্মগ্রহণ করা একটি মহাপাপ, অভিশাপ। নারীর ক্ষমতায়নের কথা শুনি তা কেবল ঢাকা শহরেই। গ্রামে, গঞ্জে মেয়েরা নিরাপদ নয়।”
সাবেক রাষ্ট্রপতি আরও বলেন, “সব তো খবরের কাগজে আসে না। যেটুকুই পড়ি, দুঃখ হয়। আমরা এমন ছিলাম না।”
রাজনৈতিক স্থিতিশীলতা না এলে দেশে বিনিয়োগ হবে না বলে জানিয়েছেন এইচ এম এরশাদ।
এমবি





