হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদকে দেখতে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
আজ (শনিবার) বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে নিবীড় পর্যবেক্ষণে থাকা কাজী জাফরকে দেখতে যান এই জামায়াত নেতা।
এ সময় ডা. তাহের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কাজী জাফরের শরীরের সবশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন। তিনি কাজী জাফরের আশু সুস্থতা কামনা করেন।
হাসপাতালে কাজী জাফরের পাশে বেশ কিছু সময় অতিবাহিত করেন জামায়াত নেতা আবু তাহের। এ সময় তিনি কাজী জাফরের পরিবারের সদস্যদেরও শান্তনা দেন এবং সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ১৫ই মে হঠাৎ অসুস্থ হলে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় কাজী জাফরকে। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে ভর্তি করা হয়।
এর আগে গত ১৩ই মে খুলনা সফরের সময় বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে কোমরে আঘাত পান কাজী জাফর। এর পরপরই তাকে দ্রুত ঢাকায় নিয়ে এসে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে প্রফেসর ডা. মমিনুজ্জামান, প্রফেসর ডা. সৈয়দ সাইদ আহমদ ও প্রফেসর ডা. একেএম শহিদুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]