হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ঠাঁকুরগাও-২ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য দবিরুল ইসলামের পিস্তল থেকে গুলি বের হয়েছে। এসময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
শুক্রবার ভোর ৬টা ২২ মিনিটে অভ্যন্তরীণ টার্মিনালের ইউএস বাংলা কাউন্টারে এ ঘটনা ঘটে। সংসদ সদস্য দবিরুল ইসলাম তখন তার লাইসেন্স করা এই পিস্তলটি জমা দিতে কাউন্টারে গিয়েছিলেন। আর এই সময় হঠাৎ তার পিস্তুল থেকে একটি গুলি বের হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসান সাংবাদিকদের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিমানবন্দর থানায় জবানবন্দি দেয়ার পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।

এ ব্যাপারে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সেল ফোনে যোগাযোগ করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পরে বিমানবন্দরে দায়িত্বরত বিমানবন্দর থানার সহকারি পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, ঘটনাটি সঠিক। বিমানবন্দর কর্তৃপক্ষ থানায় কোন অভিযোগ বা জিডি করেনি। তারা না করলেও তার পক্ষ থেকে একটি জিডি করা হবে বলে জানান তিনি।

ইআর