সাংবাদিকদের সততার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার সকালে নগরীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স স্টোরে (সিরডাপ) ‘রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক পুরষ্কার-২০১৩’ ঘোষণা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

মন্ত্রী বলেন, গণমাধ্যমের কিছু কর্মী আবাসন মালিকদের হায়রানি করছে। এটা করা উচিত নয়। ত্রুটিকে পুঁজি করে আবাসন মালিকদের ব্ল্যাকমেইল করা উচিত নয়। গণমাধ্যম আবাসন শিল্প মালিকদের বন্ধ‍ু।

আবাসন শিল্পমালিক ও গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সবাইকে সতর্ক হতে হবে। একদিকে আবাসন শিল্প মালিকেরা সততা নিয়ে ব্যবসা করবে অপরদিকে আবাসন মালিকদের সাহায্য করার জন্য গণমাধ্যমকর্মীরাও সঠিক সংবাদ পরিবেশন করবেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সবাই যেমন আইনের ঊর্ধ্বে নয় তেমনি সংবাদমাধ্যমের সব কর্মী ফেরেস্তা নয়।

 

তথ্যমন্ত্রী বলেছেন, ‘গণতন্ত্র কোনো ব্যক্তি কিংবা দলের শাসন নয়। গণতন্ত্র হল আইনের শাসন। প্রাতিষ্ঠানিক শাসন।’

 

‘রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক পুরস্কার-২০১৩’ শীর্ষক এই অনুষ্ঠানে হাসানুল হক ইনু বলেন, ‘বিকাশমান গণতন্ত্রে স্যান্ডার্ড নির্ধারণ করা জরুরি। বাংলাদেশের মতো বিকাশমান রাষ্ট্রে সেই কাজটিই আমরা করে যাচ্ছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।’

 

তাদের কাজের সমালোচনা করার বিষয়টি স্বীকার করে মন্ত্রী বলেন, ‘কাজ করলে সমালোচনা হয়ই।’

 

গণমাধ্যম নীতিমালার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আগে নীতিমালা ছিল না। এখন নীতিমালা হয়েছে। সমালোচনা হলেও একটি কাজ হয়েছে। এর মাধ্যমে সাংবাদিকদেরই উপকার হবে।’

 

ইনু বলেন, ‘কেউই আইনের উর্ধ্বে নন। ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক সবাইকে সবার জায়গায় সততার সঙ্গে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিতে হবে।’

 

অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২০ জন সাংবাদিককে পুরস্কার প্রদান করা হয়।

 

রিহ্যাব সভাপতি শামসুল আল-আমিনের সভাপতিত্বে প্রতিষ্ঠানটির শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ