২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বর্তমান সরকার নিরলশভাবে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, বাংলাদেশের প্রধান কয়েকটি সমস্যার মধ্যে একটি হলো দারিদ্র্য। আর দারিদ্র্য দূরীকরণে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ইকুয়িটি বাংলাদেশ আয়োজিত ‘শুধু মধ্যম আয়ের দেশ নয় বরং মধ্যম ও উন্নত মানের জীবন যাত্রার দেশ চাই’ শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
সভায় ইকুয়িটি বাংলাদেশের কো-অর্ডিনেটর জিয়াউল হক মুক্তা বলেন, গত ৪০ বছরে দারিদ্র্য দূরীকরণে আমরা যে সম্পদ বিনিয়োগ করেছি তাতে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি।
তিনি বলেন, মধ্যম আয়ের দেশ হলে গরীব মানুষের কোনো উন্নতি হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কারণ দেশে ভূমিহীনের সংখ্যা দিন দিন বাড়ছে। তাছাড়া জনসংখ্যা হ্রাসের যে প্রকল্প সরকার হাতে নিয়েছে তারও কোনো প্রতিফলন পাওয়া যায়নি।
২০৩০ সালের দিকে দেশের জনসংখ্যা ২২ কোটির কাছাকাছি পৌঁছাবে বলেও অভিমত প্রকাশ করেন জিয়াউল হক।
কোস্ট ট্রাস্ট্রের সভাপতি রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- এলডিসি ওয়াটের কো-অর্ডিনেটর গৌরি প্রধান ও অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর প্রেমা বোমজান প্রমুখ।
এমএ





