হত্যা, সন্ত্রাস, অপহরণ, গুম, গণগ্রেফতারের অসুস্থ দেওলিয়া রাজনীতির প্রতিবাদ এবং 'অবৈধ' সরকারের পদত্যাগের দাবিতে ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালসহ সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছে জামায়াতে ইসলামী।

দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে এ আহবান জানান।

বিবৃতিতে তিনি বলেন, “অবৈধ সরকার দেশের চলমান রাজনৈতিক সংকটকে আইন-শৃংখলার সংকট হিসেবে মন্তব্য করে মূলত: ‘শাক দিয়ে মাছ ঢাকার’ অপচেষ্টা চালাচ্ছেন। বর্তমান সংকট একটি রাজনৈতিক সংকট। অবৈধ সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার কারণেই বর্তমান সংকট সৃষ্টি হয়েছে।

দেশের গ্রামে-গঞ্জে মানুষের লাশ পড়ছে অভিযোগ করে তিনি বলেন, রাজনৈতিক হত্যা, শিশু হত্যা, সন্ত্রাস, অপহরণ, গুম বাড়ছে আশংকাজনক হারে। সম্প্রতি সিলেটে অপহৃত একটি শিশুর লাশ পাওয়া গিয়েছে পুলিশের বাসায়। এ ঘটনা থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, সরকার দেশের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক হত্যাকাণ্ডে ব্যবহার করছে।

জামায়াত নেতা বলেন, স্বৈরাচারী সরকারের বাহিনী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ২০ দলীয় জোটের প্রায় তিন শতাধিক নেতা-কর্মীকে আজ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। পুলিশ খুলনায় কুয়েটে শিবিরের সভাপতি জাহাঙ্গীর আলমসহ ফুলকুড়ির অনুষ্ঠান থেকে ৩৬ জনকে গ্রেফতার করেছে।

কুড়িগ্রামে পুলিশ গুলি চালিয়ে স্থানীয় জামায়াত নেতা আবদুল হকসহ কমপক্ষে ১০ জনকে এবং রাজশাহীতে জামায়াত কর্মী আল-আমীনকে গুলি করে আহত করেছে। মানুষ হত্যা, অপহরণ, গুম ও গণগ্রেফতারের সন্ত্রাসী তান্ডব অবিলম্বে বন্ধ করার আহবান জানাচ্ছি।

জেএ