বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, শেখ হাসিনা এখন স্বৈরাচারি নয়, রক্ত পিপাসু ডাইনিতে পরিণত হয়েছে। তিনি (হাসিনা) রক্ত দেখে আনন্দ পান।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, তোমরা জান না তার (হাসিনার) সহচরেই লিখেছিল তিনি (হাসিনা) কারও মৃত্যু সংবাদে আনন্দিত হয়ে বেশি খাবার খেতে পারেন।
পৌর নির্বাচন বিষয়ে খালেদা জিয়া বলেন, এর আগে সিটি নির্বাচনে ঢাকা-চট্টগ্রাম বাদে সব জায়গায় বিএনপি জনগনের বিপুল ভোটে জয়লাভ করে।কিন্তু পৌর নির্বাচনে তারা প্রায় সবগুলো জোর করে নিয়ে নিয়েছে।ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ভয় দেখিয়ে আওয়ামী লীগ নিজেদের প্রার্থীদের পক্ষে কাজ করিয়েছে।
তিনি বলেন, এর মাধ্যমে আবারো প্রমাণিত হয়েছে দেশে হাসিনা ও রকিব উদ্দিনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।তাই বলে কি দেশে সুষ্ঠু নির্বাচন হবে না? অবশ্যই হবে। এত মানুষের রক্ত বৃথা যেতে পারে না।
খালেদা জিয়া বলেন, দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে আজ শিক্ষার কোনো পরিবেশ নেই।ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাত্রলীগের সন্ত্রাসীরা দখল করে নিয়েছে।
একইসঙ্গে তিনি ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে বলেন, ছাত্রদের অধিকার রক্ষাসহ বিভিন্ন ইস্যুতে আন্দোলন করতে হবে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়াও সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রদলের সাধারন সম্পাদক আকরামুল হাসান।
এমএইচ





