চট্টগ্রামে জনসভা করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।  লালদীঘি মাঠে জনসভার অনুমতি চেয়েছিল নতুন এই জোট।

তবে আগামী রোববার (২৮ অক্টোবর) ঐক্যফ্রন্ট চট্টগ্রামের কাজীর দেউড়িতে অবস্থিত বিএনপির মহানগর কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবুর রহমান বলেন, শর্তসাপেক্ষে জাতীয় ঐক্যফ্রন্টকে বিএনপির কার্যালয় নাসিমন ভবন সংলগ্ন সড়কের এক পাশ পর্যন্ত ব্যবহার করে জনসভা করার অনুমতি দেওয়া হয়েছে। 

জাতীয় ঐক্যফ্রন্ট চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করে। আজ (শুক্রবার) মহানগর পুলিশ ঐক্যফ্রন্টকে লালদীঘি ময়দান ব্যবহারের অনুমতি না দিয়ে বিএনপির কার্যালয়ের সামনে অনুমতি দেয়। ঐক্যফ্রন্টকে সমাবেশ বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে।  

এর আগে গত ২০ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে চট্টগ্রাম লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়। এই বিষয়ে গত ৬ দিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছ থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি।

তবে ফ্রন্ট নেতারা বারবার বলে আসছিলেন তারা যেকোনো মূল্যে লালদীঘিতে সমাবেশ করবেন।

এমবি