গ্রেফতার প্রথম আলোর সিনিয়র প্রতিবেদক রোজিনা ইসলাম যাতে ন্যায়বিচার পান তা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (১৯ মে) তথ্যমন্ত্রী বলেন, “রোজিনা ইসলামের ব্যাপারে মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন আছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ও এ ব্যাপারে একটি তদন্ত কমিটি করেছে। সেই তদন্ত কমিটির মাধ্যমে নিশ্চয়ই বেরিয়ে আসবে তাঁকে সেখানে হেনস্থা করেছিল কি না। কিংবা এই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কারো কোনো অপরাধ আছে কি না। বা রোজিনা ইসলামের কী অপরাধ সেটিও বেরিয়ে আসবে। এবং পুলিশও তদন্ত করছে। মামলা হয়েছে।”
“সুতরাং, আমি তথ্যমন্ত্রী হিসেবে বলতে চাই, এই ক্ষেত্রে সাংবাদিক রোজিনা ইসলাম যাতে সুবিচার পান সেটি অবশ্যই আমরা নিশ্চিত করব।” বলেন হাছান মাহমুদ।
দুপুরে চট্টগ্রামে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের করোনাকালীন দ্বিতীয় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, “পাশাপাশি, এই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায় থাকলে ব্যবস্থা নেবে সরকার।”
চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এই অনুষ্ঠানের আয়োজন করে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সিইউজের সভাপতি মো: আলী, শামসুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। পরে সিইউজের ৯০ জন সাংবাদিকদের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন মন্ত্রী।
এ সময় বাংলাদেশ নিয়ে নানা ষড়য়ন্ত্র চলছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, “একেকটা ইস্যু একেক সময় তৈরি করার অপচেষ্টা চালানো হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফিলিস্তিনের হত্যাকাণ্ড নিয়ে বিবৃত্তি দেয় না, কিন্তু রোজিনা ইসলাম কেন পাঁচ ঘণ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে থাকল সেটি নিয়ে বিবৃতি দিল। বিষয়টি নিশ্চই চিন্তার বিষয়।”
সরকারের ওপর আস্থা রাখার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, “এক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর।”
এমবি





