বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সব কোর্ট মুজিব কোটের পকেটে বন্দি। মুজিব কোটের পকেট ছিড়তে না পারলে বিচারকরা সঠিক রায় দিতে পারবেন না। তাদের বিবেক জাগ্রত হবে না।
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘আমার দেশে পড়তে চাই, মাহমুদুর রহমানের মুক্তি চাই' দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর রায় আরও বলেন, আজকে হাইকোর্ট, জজকোর্ট, সুপ্রিম কোর্ট- সব কোর্ট মুজিব কোট হয়ে গেছে। বিচারকরা কোন আরজি শুনে বিচার করতে পারে না। ইশারার দিকে তাকিয়ে থাকে। সে ক্ষেত্রে বিচার চেয়ে লাভ হবে না।
তিনি বলেন, আজকে আমরা গণতন্ত্রের মুক্তি চাই, সরকারের পতন চাই। গণতন্ত্রের মুক্তি হলে সাগর-রুনির বিচার হবে, মাহমুদুর রহমান মুক্তি পাবে।
নির্বাচন কমিশনের উদ্দেশে গয়েশ্বর রায় বলেন, ভারপাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (আব্দুল মোবারক) সরকারের খাদেম হয়ে কাজ করছেন। কিন্তু মনে রাখবেন হুজুররা ধরা পড়লে তাদের খাদেমরাও রেহাই পাবেন না।
সংগঠনের সভাপতি ডা. আজিজুল ইসলাম ছাড়াও মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন। [b]ঢাকা, এমএইচ, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এআর[/b]