জাসদ বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করেছিলো বলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বক্তব্য উদেশ্যপ্রণোদিত বলে মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নেতৃবৃন্দ।

আজ সোমবার এক বিবৃতিতে জাসদ নেতৃবৃন্দ একথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার দীর্ঘ তদন্ত, তদন্ত শেষে আদালতে দাখিলকৃত অভিযোগপত্র, সাক্ষীদের জেরা, আদালতের রায় ও পর্যবেক্ষণে কোথাও বঙ্গবন্ধু হত্যার সাথে জাসদের সংশ্লিষ্টতার সামান্যতম বিষয় আসেনি। তারপরও শেখ ফজলুল করিম সেলিম কর্তৃক এহেন বক্তব্য প্রদান শুধু সত্যের অপলাপই নয়, উদ্দেশ্যপ্রণোদিত।

বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ‘জাসদই বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করেছিল’- বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাসদ নেতৃবৃন্দ একথা বলেন।

জাসদের কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল এমপি ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়ার পক্ষ থেকে দেয়া বিবৃতিতে এ ব্যাপারে ব্যাখ্যা দেয়া হয়। এতে বলা হয়, যখন প্রধানমন্ত্রী ও ১৪ দল নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণ ও ১৪ দলের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর খুনী গোষ্ঠী ও বঙ্গবন্ধু খুনের সুফলভোগী গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করছে, তখন শেখ ফজলুল করিম সেলিমের এ বক্তব্য ঐক্যর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং শত্রুপক্ষের হাতকেই শক্তিশালী করবে।

তারা বলেন, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম আর বিএনপির মূখপাত্র আসাদুজ্জামান রিপন যখন একই সময়ে একই ভাষায় জাসদের বিরুদ্ধে কথা বলেন, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, এই অভিন্ন ভাষার যোগসূত্র কি?

জাসদ নেতৃবৃন্দ ১৪ দলীয় ঐক্যে বিভ্রান্তি সৃষ্টি এবং জঙ্গীসন্ত্রাস নির্ভর অপশক্তিকে রক্ষা করার যেকোনো অপকৌশলের উপর সজাগ দৃষ্টি রখার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

এএইচ