মহানগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলামসহ ২১ নেতাকে আটকের প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামে  জামায়াতে ইসলামীর সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
পূর্বঘোষিত কমসূচি হিসেবে বুধবার  এ হরতাল পালিত হয়েছে।  এইচএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত ছিল।
হরতালের শুরুতে সকাল সাড়ে ৬টায় ডবলমুরিং থানার চৌমুহনি এলাকা থেকে মিছিল শুরু করে ছাত্রশিবির মহানগর দক্ষিণ শাখা। মিছিলটি কদমতলীতে গিয়ে শেষ হয়। হরতালের সমর্থনে নগরীর টেরি বাজার এলাকায় ভোরে মিছিল করেছে ছাত্রশিবির মহানগর উত্তর শাখা।
এসময় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। হরতালে চট্টগ্রাম থেকে কক্সবাজার, বান্দবান বা খাগড়াছড়িসহ অন্যান্য কোন জেলার দুর পাল্লার যানবাহন ছেড়ে যায়নি। সীমিত আকারে শহরে যানবাহন চলাচল করেছে।
হরতাল ঠেকাতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছিল পুলিশ প্রশাসন। জেলার লোহাগাড়া ও সাতকানিয়াকে স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ বিবেচনা করে সেখানে নামানো হয়েছিল বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। এছাড়া নগরীর বিশেষ কিছু পয়েন্টে র্যাডবসহ অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করেছে।
সোমবার বিকেল ৫টার দিকে নগরীর কোতয়ালি থানাধীন দেওয়ানবাজার এলাকায় নগর জামায়াতের কার্যালয়ে বৈঠক থেকে পুলিশ শামসুল ইসলাম ও নজরুল ইসলামসহ ২১ নেতাকর্মীকে  আটক করে। প্রতিবাদে সোমবার রাতে নগর জামায়াতের পক্ষ থেকে এ হরতাল পালনের ঘোষণা দেয়া হয়।
[b]ঢাকা, ১৪ মে ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]