উপজেলা নির্বাচনে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন এবং দেশব্যাপী অব্যাহত হত্যা, খুন, গুমের প্রতিবাদে সারা দেশে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবে বিএনপি।
আজ  বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবে দলটি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দলের দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, গত তিন দফা নির্বাচনী সহিংসতা, হত্যা, জখম, ভোটকেন্দ্র দখল, ভোট জালিয়াতি, বিএনপি-সমর্থিত প্রার্থী ও সমর্থকদের মারধরসহ উপজেলা চেয়ারম্যান পদ নিজেদের অনুকূলে নিতে সরকারদলীয় প্রার্থীরা দাঙ্গাহাঙ্গামা চালিয়েছেন। এসবের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে বিএনপির বিভিন্ন জেলা ও ইউনিট সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এ কর্মসূচিতে নেতাকর্মীদের সম্পৃক্ত করে সামনের উপজেলা নির্বাচনে কারচুপি এবং প্রশাসনের পক্ষ-পাতিত্বের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করতে চায় দলের নেতারা।
ঢাকা জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পুরান ঢাকায় অবস্থিত ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হবে। সেখানে সংক্ষিপ্ত পথসভা শেষে একটি প্রতিনিধিদল ডিসির কাছে স্মারকলিপি প্রদান করবেন।
তৃতীয় দফা উপজেলা নির্বাচনে চারজন নিহত, দুই সহস্রাধিক আহত এবং কয়েক শ ভোটকেন্দ্রে অনিয়ম, দখল, হামলার অভিযোগ করেন রিজভী আহমেদ।
উল্লেখ্য, গত ১৮ মার্চ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও ও ডিসি বরাবর স্মারকলিপি প্রদানের এ কর্মসূচি ঘোষণা করেন দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
ঢাকা, এমএইচ, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসএই্চ