বাংলাদেশের ঘরে ঘরে শান্তি ছড়িয়ে দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিসর্জন দিতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
মায়া বলেন, ‘খালেদা জিয়া রক্ত পিপাসু, রক্ত না হলে তার  ভালো লাগেনা’। তাই খালেদা ও তার সঙ্গী জামায়াত-শিবিরকে দেশ থেকে তাড়াতে না পারলে দেশের মানুষ শান্তি পাবেনা। তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার সাত শহীদ কমিউনিটি সেন্টারে লালবাগ থানা আওয়ামী লীগ আয়োজিত “১৯৯৪ সালে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পরদিন পরাজিত প্রার্থীর হামলায় নিহত সাত শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি” উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। এ ষড়যন্ত্র কোন কাজে আসবেনা। কারণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সব সময় মাঠে থাকবে।
মায়া আরও বলেন, সংবিধান অনুযায়ী ৫ বছরের জন্য দশম জাতীয় সংসদ  নির্বাচন হয়েছে। মেয়াদপূর্ণ না হওয়া পর্যন্ত ক্ষমতা ছাড়বো না এবং মধ্যবর্তী কোন নির্বাচনও হবেনা।
আলোচনায় খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, গতকাল (বৃহস্পতিবার) দশ ট্রাক অস্ত্র মামলার রায় হয়েছে। এ রায়ে প্রমাণিত হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী ও তার ছেলে এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল।
খাদ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের দশট্রাক অস্ত্র চোরাচালানের মত ঘটনা পৃথিবীর কোথাও ঘটেনি। বিএনপির রাজনীতি ষড়যন্ত্রের তাই এদেরকে এমনভাবে প্রত্যাখ্যান করতে হবে যাতে তার আর কোনদিন ক্ষমতায় আসতে না পারে।
লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা ৭ আসনের এমপি হাজী মো: সেলিম, লালবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির প্রমুখ।
[b]ঢাকা, ৩১ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এমআর/এফএ
[/b]